ইরানে পৃথক দুটি বিস্ফোরণে সাতজন নিহত

- আপডেট সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
দক্ষিণ ইরানে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা শনিবারের এ ঘটনাগুলোর জন্য গ্যাস লিকেজকে দায়ী করলেও স্থানীয় বাসিন্দারা এ দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েল এসব বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং ১৪ জন আহত হন বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নাচলেন মোদি!
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই তথ্য প্রকাশ করেছে। তবে ইরান ইন্টারন্যাশনালের কাছে পাওয়া এক ভিডিওতে এক বাসিন্দা দাবি করেন, ভবনটিতে তখনো গ্যাস সংযোগ চালু হয়নি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। এর দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বন্দর আব্বাসের বিস্ফোরণটি তাদের নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে ঘটেছে— এমন গুজব অস্বীকার করেছে। আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে গ্যাস লিকেজজনিত আরেকটি বিস্ফোরণে পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রয়টার্সের উদ্ধৃতিতে দুই ইসরায়েলি কর্মকর্তা বলেন, এসব বিস্ফোরণে ইসরায়েলের কোনো ভূমিকা নেই।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।


























