ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি

- আপডেট সময় : ১২:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 65
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর নিজেদের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়কের নাম ঘোষণা করেছে ইরান। এই পদে নিয়োগ পেয়েছেন প্রবীণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
গত ১ মার্চ মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক যৌথ সামরিক হামলায় আইআরজিসি-এর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হন। তার মৃত্যুর কারণে পদটি শূন্য হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আহমাদ ওয়াহিদিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বেছে নিল ইরানের শীর্ষ নেতৃত্ব।
ভারতে নিখোঁজ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু
ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদির এই বাহিনীতে কাজ করার দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে। আইআরজিসি প্রতিষ্ঠার সময় থেকেই তিনি এর সাথে যুক্ত ছিলেন এবং ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই বাহিনীর সবচেয়ে আলোচিত এলিট শাখা ‘কুদস ফোর্স’-এর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক অঙ্গনের পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনেও তার ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছেন। এছাড়া, বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সরাসরি নির্দেশে আইআরজিসি প্রতিষ্ঠিত হয়। দেশের সাধারণ সীমান্ত রক্ষার পাশাপাশি বর্তমান ইসলামি প্রজাতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখা এবং বিপ্লবের মূল অর্জনগুলোকে যেকোনো মূল্যে সুরক্ষিত রাখাই এই বিশেষায়িত বাহিনীর প্রধান দায়িত্ব। সূত্র: আলজাজিরা






















