ভারতে নিখোঁজ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু

- আপডেট সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 87
গত রাতে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। নিহত দুই পাইলটের নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরগকর বলে বিমানবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিমানবাহিনীর সব সদস্য নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোকের মুহূর্তে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন।
বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এর সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৭টা ৪২ মিনিটে বিমানটির সাথে শেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। জোরহাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পাহাড়ের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর সেখানে বিশাল আগুনের কুণ্ডলী দেখতে পান।
যুদ্ধে ইরানের ১২৩০, ইসরায়েলের ১১, যুক্তরাষ্ট্রের ৬ মৃত্যু
এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের প্রতি এই পাইলটদের সাহস ও সেবা সর্বদা গর্ব এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হবে। শোকের এই কঠিন সময়ে পুরো দেশ তাদের পরিবারের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সুখোই এসইউ-৩০ এমকেআই হলো রাশিয়ার বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান সুখোইয়ের তৈরি একটি দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। বর্তমানে এটি রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (এইচএএল) লাইসেন্সের অধীনে ভারতীয় বিমানবাহিনীর জন্য ভারতেই তৈরি করা হয়। ১৯৯৭ সালে প্রথমবারের মতো এই মডেলের বিমানটি ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল। সূত্র: এনডিটিভি






















