উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০

- আপডেট সময় : ০৩:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 85
আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলে ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের তথ্যমতে, উত্তরাঞ্চলের আরব অধ্যুষিত শহর জারজির-এ একটি ভবনের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ভয়াবহ আগুন ধরে যায়, যা পরে দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
হামলার আগে উত্তর ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার কথা জানায়।
প্রাণ ভয়ে হোটেল-বাসাবাড়িতে লুকিয়েছে মার্কিন বাহিনী, তথ্য খুঁজছে ইরান
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনাস্থলে প্রায় ৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগেরই আঘাত সামান্য। তবে আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী পিঠে শার্পনেলের আঘাতে মাঝারি মাত্রায় এবং ১৭ বছর বয়সী এক কিশোরী ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের দুজনকেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এমডিএ-এর স্বাস্থ্যকর্মী এরান আবো জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং চারদিকে ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখেন। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবন, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষের ভয়াবহ চিত্র উঠে এসেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইসরায়েলের দিকে নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানের এই হামলার ঠিক একই সময়ে দক্ষিণ লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর সমান্তরালভাবে হামলা চালিয়েছে।






















