বিশ্ববাজারে একদিনে স্বর্ণের বড় দরপতন

- আপডেট সময় : ১১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 60
বিশ্ববাজারে একদিনে স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২৯ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে।
এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৫ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৩২ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।
টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গত এক বছরে মুদ্রার অবমূল্যায়নের কারণে স্বর্ণে বিনিয়োগ বেড়েছিল। তবে এখন সেই বিনিয়োগ প্রবণতার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।’
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দামে পতন
সাধারণত মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তবে এটি সুদ প্রদানকারী সম্পদ না হওয়ায় সুদের হার বেশি থাকলে এর আকর্ষণ কমে যায়।
এসপি অ্যাঞ্জেলের বিশ্লেষকরা জানান, মুনাফা তুলে নেয়া এবং শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের ওপর চাপ পড়েছে। ২০২৫ সালে শক্তিশালী উত্থানের পর, ট্রেডাররা মার্জিন কল মেটাতে এবং নতুন বিনিয়োগ করতে লাভ তুলে নিচ্ছেন, যা বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে অস্বাভাবিক নয়।
অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৭০ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। আর প্লাটিনাম ৪ শতাংশ কমে ১ হাজার ৯৪২ দশমিক ৩৫ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪৪৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।























