যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধের জন্য ইরানের ৫ শর্ত

- আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 82
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে পাঁচটি কঠোর শর্ত বেঁধে দিয়েছে ইরান। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এ সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এ দাবিগুলো তুলে ধরেছে ইরান।
সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির পর নতুন করে যাতে আর কোনো সংঘাতের সৃষ্টি না হয়, প্রথমেই তার পূর্ণ নিশ্চয়তা চেয়েছেন ইরানি কর্মকর্তারা। পাশাপাশি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা দাবি করা হয়েছে, যার মাধ্যমে ওই নৌপথটি কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি যুদ্ধের কারণে হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তেহরান।
যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র
সামরিক ও অর্থনৈতিক দাবির বাইরে বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে ইরান। তাদের দাবি, যেসব সংবাদমাধ্যম বা এর কর্মীরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার ও শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত, তাদের তেহরানের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে নিজ দেশে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে সোমবার (২৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবারের এ আলোচনাকে ইরান বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

























