জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে: তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 69
পতিত সরকারের সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘এতে জনগণকে সঠিক ইতিহাস জানানো থেকে বঞ্চিত করা হয়েছে।’
আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারও পরামর্শে নয়, বরং স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিজেই রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
তথ্য মন্ত্রী বলেন, ১৯৭০-এর নির্বাচনে এ দেশের মানুষ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে ২৫শে মার্চ কালরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। সেই কঠিন মুহূর্তে ৩২ বছরের এক তরুণ বাঙালি সামরিক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে ‘আই রিভোল্ট’ বলে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েন।
২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
এ সময় তিনি আরও বলেন, ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে যুদ্ধের পথ দেখিয়েছিল। ১০ই এপ্রিল প্রবাসী সরকারের নেতা তাজউদ্দীন আহমদের ভাষণেও এই বিদ্রোহ ও ঘোষণার স্বীকৃতি রয়েছে।
তথ্য মন্ত্রী বর্তমান সময়কে তথ্য প্রযুক্তি ও সিটিজেন জার্নালিজমের যুগ হিসেবে উল্লেখ করে বলেন, এখন আর ইতিহাস বিকৃত করার বা সত্য লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা এবং বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও দেশনায়ক তারেক রহমানের বর্তমান নেতৃত্বের ধারাবাহিকতা একই সূত্রে গাঁথা।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ জিয়াই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং পরাজিত শক্তিকেও পার্লামেন্টে জায়গা দিয়ে উদার গণতান্ত্রিক সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করেছিলেন। সেই পথ অনুসরণ করেই বিএনপি দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানা সত্ত্বেও বিতর্ক তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোনো অপরাধকে আমরা তামাজি হতে দেবো না।’
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ড্যাব-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এই আলোচনা সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।





















