যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 55
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন এ শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিহত বৃষ্টির ভাই এ তথ্য জানান। নাহিদা সুলতানা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, যুক্তরাষ্ট্রে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তাঁর সঙ্গেই নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন নাহিদা।
স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
তাঁদের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত জামিলের রুমমেট। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। গ্রেপ্তার ওই সন্দেহভাজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহত জামিল লিমনের ভাই জুবায়ের আহমেদ সিএনএনকে জানান, তাঁদের পরিবার চরম বিপর্যস্ত অবস্থায় খবরের জন্য অপেক্ষা করছিল। তিনি বলেন, আমরা শুধু সত্যটা জানতে চাই, আসলে তাঁদের সাথে কী ঘটেছে। দুজন শিক্ষার্থী হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না।
জুবায়ের জানান, লিমন অত্যন্ত সাদাসিধে ও হাসিখুশি মানুষ ছিলেন। গত দুই বছর ধরে তিনি দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই-এর ব্যবহার নিয়ে গবেষণায় মগ্ন ছিলেন। পিএইচডি শেষে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। শিগগিরই তাঁর দেশে ফেরার কথা ছিল। পরিবারের তথ্যমতে, লিমন ও নাহিদার মধ্যে ভালো সম্পর্ক ছিল। লিমন পরিবারকে জানিয়েছিলেন যে তিনি নাহিদাকে পছন্দ করেন এবং তাঁদের মধ্যে বিয়ের বিষয়েও কথা হয়েছিল।

























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই