রাজধানীতে এক ঘণ্টায় ৪ বাসে আগুন

- আপডেট সময় : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 201
রাজধানীতে শনিবার এক ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুনের ঘটনা ঘটেছে। গাবতলী,আরামবাগ, গুলিস্তানের পর যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা ৮টা ২০মিনিট থেকে সাড়ে নয়টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর আগে আরামবাগে ৮টা ২০মিনিট এবং সাড়ে ৮টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আরামবাগ নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে সেখানে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
অন্যদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এদিকে, যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পেয়ে কাজ শুরু করেছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগেই ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে চার বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।


























