ডিসেম্বরে রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে

- আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 239
দেশে চলমান ডলার সংকটের মধ্যে সদ্য সমাপ্ত ডিসেম্বরে রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে। আলোচ্য মাসে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে দৈনিক গড়ে পৌঁছেছে সাড়ে ৬ কোটি ডলার। সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বিদায়ী মাসে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি ডলার। এর আগে নভেম্বরে রেমিট্যান্সের গতি কমে। ওই মাসে বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে ১৯৩ কোটি ডলার বৈদেশিক মুদ্রা পাঠান প্রবাসী বাংলাদেশিরা। সেই হিসাবে আলোচিত মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ৬ বিলিয়ন ডলার।
সবমিলিয়ের মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় সোয়া ৩ শতাংশ। তবে ২০২২ সালের ডিসেম্বরের সঙ্গে তুলনা করলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ কোটি ডলার বা ১৭ শতাংশ। উল্লেখ্য, ওই বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭০ কোটি ডলারের কাছাকাছি।
২০২৩-২৪ অর্থবছরের অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৭৬ লাখ ডলার। এর আগে সেপ্টেম্বরে পৌঁছে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আগস্টে প্রবাসীরা পাঠান ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। সবশেষ উপাত্ত অনুযায়ী, চলমান অর্থবছরের প্রথম ৬ মাসে দেশে এলো ১০৮০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০৪৯ কোটি।
২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের অর্থবছরে তা আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

























