বিগ বেন ঘড়ির ধ্বনিতে বছর শুরুর নতুন মাইলফলক

- আপডেট সময় : ০৭:১৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 174
যুক্তরাজ্যের অন্যতম আকর্ষণ ‘বিগ বেনের ঘড়ি’। প্রতি বছর নতুন বছরের প্রথম প্রহরে বেজে উঠে ঘড়িটি। এ বছর বিগ বেনের ধ্বনি সম্প্রচারিত হওয়ার ১০০ বছর পূর্ণ হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বিগ বেনের ধ্বনি প্রথমবার প্রচার করা হয় ১৯২৩ সালে।
লন্ডনের ওয়েস্টমিনস্টারের সংসদ ভবনের উত্তরাংশের টাওয়ারে অবস্থিত বিশালাকার ঘড়ি, যা বিগ বেন নামেই পরিচিত। ৯৬ মিটার লম্বা এই টাওয়ারে স্থাপিত ঘড়িটির ওজন ১৩ দশমিক ৭ টন।
২০১২ সাল পর্যন্ত বিগ বেনের নাম ছিল ক্লকটাওয়ার। পরে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের ৬০ বছর উপলক্ষ্যে এর নামকরণ করা হয় এলিজাবেথ টাওয়ার। একে ব্রিটিশদের জন্য দৃঢ়সংকল্পের প্রতীক ও বহু প্রজন্মের কাছে সঠিক সময়ের উৎস মনে করেন অনেকেই।
যুক্তরাজ্যের বিখ্যাত ও ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেন পরীক্ষামূলক চালু হয় ১৮৫৬ সালের ১৩ নভেম্বর। বিভিন্ন উপলক্ষ্যে বেজে উঠে বিগ বেনের ঘণ্টা। এটি বেশ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী। প্রতি বছর নতুন বছর বরণে বেজে ওঠে এর ঘণ্টা, যা দেখতে ভিড় করেন বহু পর্যটক।
লন্ডন পর্যটনখাতের পরিচালক ট্রেসি হ্যালিওয়েল বলেন, ‘নতুন বছর বরণে ঘণ্টা বাজে, আর তা দেখতে ভিড় করেন বহু পর্যটক। যারা টিকিট কেটে এটি দেখার সুযোগ পান, তারা নিজেদের সৌভাগ্যবান মনে করেন। যদিও অনেকেই টিকিটই পান না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বিগ বেনের ধ্বনি প্রথমবার প্রচার করা হয় ১৯২৩ সালে। এ বছর বিগ বেনের ধ্বনি সম্প্রচারিত হওয়ার ১০০ বছর পূর্ণ হচ্ছে।
উৎসবের পাশাপাশি ব্রিটিশদের শোকাবহ মুহুর্তেরও সাক্ষী এই বিগ বেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বেজে উঠেছিল এই ঘণ্টা। এছাড়া বেজেছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা বা ব্রেক্সিটের পরও।




















