দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / 169
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি বলার পরের দিন নিত্যপণ্যের দাম কমে যাবে সে ক্ষমতা আমার নেই। তবে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা চিন্তিত না। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে নিয়ে অস্থিরতা চলছে। আমরাও দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। কাজ করছি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে। তবে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশের মানুষ ভালো আছে। কৃষি, খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। এটা অস্থিরতার মধ্যে ভালো দিক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।
সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। আমেরিকাসহ সবাই চ্যালেঞ্জের মুখে আছে। আমেরিকার দুষ্ট ছেলে ইসরাইল তাদের কথা শুনছেনা। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোন টানাপোড়েন নেই।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।






















