ফ্লোরিডায় হাজার বছরের রেকর্ড বৃষ্টিপাত

- আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / 130
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে হারিকেন মিল্টন। মিল্টনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গোটা উপকূলজুড়ে। যা ফ্লোরিডার এক হাজার বছরের ইতিহাসে একটি রেকর্ড।
দেশটির আবহাওয়া অফিসের মতে, বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ৮টা থেকে ৯টার মধ্যে এক ঘণ্টায় ১২৭ মিমি (৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা প্রতি এক হাজার বছরে একবার দেখা যায়।
ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরে গত ২৪ ঘণ্টায় ৪০৬ মিমি (১৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ফ্লোরিডার টাম্পা বে এলাকার উত্তর দিকে হারিকেন মিলটনের আঘাত হানার পর আকস্মিক বন্যার শুরুর হতে পারে বলে জানানো হয়েছে।
আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, বৃহস্পতিবারের মধ্যে ফ্লোরিডা উপদ্বীপের মধ্য এবং উত্তর অংশে ১৫২ থেকে ৩০৫ মিমি (৬ থেকে ১২ ইঞ্চি) বৃষ্টিপাত হবে। কিছু স্থানে ৪৫৭ মিমি (১৮ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টিপাতে বন্যার আশংঙ্কার পাশাপাশি তা স্থানীয়দের জীবন ও জীবিকার ওপর হুমকি হিসেবে দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে। হারিকেনের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লোরিডাজুড়ে ১১ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছেন বলে খবরে জানা গেছে। হারিকেন মিল্টনের আঘাতে ফ্লোরিডায় বড় রকমের হতাহত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

























