ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে ইসরাইল

- আপডেট সময় : ১২:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 95
তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরান ও সিরিয়া উভয় বিষয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টায় তেল আবিব মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রেখেছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য রাশিয়ার প্রস্তাবের পর ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি ঘোষণার প্রায় এক সপ্তাহ পর মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে, ইসরায়েল ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর চুক্তিতে আসতে চাইছে বলেও জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, লেবাননের সঙ্গে এর আগে যে চুক্তি হয়েছিল, ঠিক তেমনই ইরানের বিষয়ে একটি কাঠামো তৈরি করতে চায় ইসরায়েল।
গত ১৩ জুন ইরানের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল, যা ২৪ জুন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর স্থগিত করা হয়।
ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে, ইসরায়েলি কর্মকর্তারা “স্বাভাবিকীকরণ চুক্তি” সম্প্রসারণের বিষয়ে আলোচনা করছেন, যা আব্রাহাম চুক্তি নামেও পরিচিত এবং দাবি করা হয়েছে যে এই প্রচেষ্টার অংশ হিসাবে সিরিয়ার সাথে আলোচনাও চলছে।























