বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দিতে হবে রোনালদোর

- আপডেট সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 72
ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগুয়েজের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সম্প্রতি, রোনালদো জর্জিনাকে দামি ডায়মন্ডের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এবং জর্জিনা সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন। ইতোমধ্যেই বাগ্দান হয়ে গেছে তাদের। তবে বিয়ের আগেই তাদের মধ্যে বিচ্ছেদ বিষয়ক একটি বিশেষ শর্ত রয়েছে।
প্রায় ১০ বছর একসঙ্গে থাকা এই দম্পতির সংসারে পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। কিন্তু তাদের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ শর্ত ছিল, জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে স্বাক্ষর করেন দু’জন। সে শর্ত অনুযায়ী, যদি কখনো এই দম্পতির বিচ্ছেদ ঘটে তবে জর্জিনা প্রতিমাসে ১ লাখ ১৪ হাজার ডলার (প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা) ভরণপোষণ পাবেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এই শর্তটি কার্যকর হয়েছিল যখন জর্জিনা রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জন্ম দেন। এ ছাড়া, মাদ্রিদের লা ফিনকায় রোনালদোর বিলাসবহুল একটি বাড়ি আছে। যদি কখনো রোনালদোর সঙ্গে বিচ্ছেদ ঘটে তবে সেখানে বসবাসের সুযোগ পাবেন জর্জিনা।
রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান তবে এই শর্তটি তাদের সন্তানের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে। রোনালদোর দুই সন্তানের মা জর্জিনা পর্তুগিজ তারকার বিশাল সম্পদের একটি বড় অংশের ভাগ পাবেন। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা)।
























