চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষ: নিহত ৫, আহত ২

- আপডেট সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 77
চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত মোট পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। আজ (সোমবার, ১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দুমড়ে মুচড়ে যাওয়া পিক আপ ভ্যানটি দেখলে দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা আঁচ করা যায়। সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। এখানে বসে থাকা চালক, হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। ছোট এ পিক আপটিতে যাত্রীসহ মোট ১০ জন ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।
স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হতাহতরা বেশিরভাগ মাছ ব্যবসায়ী। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ভোর পাঁচটার দিকে তারা ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছাতে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও মেডিকেলে দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন।
মরদেহ হাসপাতালে নিতেই তৈরি হয় শোকাবহ পরিবেশ।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ভোর বেলা চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনা হতে পারে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ অংশে অবৈধ পার্কিং ও সিএনজি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সুরতহাল ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত দুইজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।























