ডাকসুর ২৮ পদে ৫৬৫ ও হল সংসদে ১২২৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

- আপডেট সময় : ১০:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 65
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হলসংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি এবং হলসংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিপুল আগ্রহ ও উপস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।
এই পরিস্থিতিতে সকল শিক্ষার্থীর জন্য গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় একদিন করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ সময় ২০ আগস্ট বুধবার বিকাল ৫টা।
হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
এছাড়া কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।






















