নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করেছে আর্জেন্টিনার মানবাধিকার সংগঠন

- আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 41
গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে আর্জেন্টিনার মানবাধিকার সংগঠনগুলো।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাদারস অব প্লাজা দে মায়ো ফাউন্ডিং লাইন, পিস অ্যান্ড জাস্টিস সার্ভিস (এসইআরপিএজে), রাজনৈতিক কারণে নিখোঁজ ও আটককৃতদের পরিবার এবং আর্জেন্টিনা লিগ ফর হিউম্যান রাইটস যৌথভাবে এই অভিযোগ জমা দিয়েছে।
সংগঠনগুলো অভিযোগ করেছে যে নেতানিয়াহু “গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের” জন্য দায়ী এবং বিচারিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলিই ৭-১০ সেপ্টেম্বর নেতানিয়াহুর আর্জেন্টিনা সফরের সময় এই অপরাধ নীতিতে জড়িত থাকবেন
এতে ইসরায়েলি সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘নির্মূলের নিয়মতান্ত্রিক নীতি’ অনুসরণ করা, জীবন, মানবিক মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আর্জেন্টিনার জনগণ এবং এর মানবাধিকার সংগঠনগুলো অভিজ্ঞতা থেকে জানে গণঅপরাধ কাকে বলে। গাজা দখলদারিত্ব শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বোমা হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ওষুধ, খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের আরোপিত অবরোধ পুরো গাজাকে প্রভাবিত করেছে।
আর্জেন্টিনার ফৌজদারি আদালতে দায়ের করা এই মামলাটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যাডলফো পেরেজ এসকুইভেল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের পাশাপাশি অসংখ্য মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা সমর্থন করেছেন।
আর্জেন্টিনায় নেতানিয়াহুকে আইনগতভাবে জবাবদিহিতার আওতায় আনার এটাই প্রথম প্রচেষ্টা নয়।
১২ আগস্ট তারিখে এসোসিয়েশন অফ স্টেট ওয়ার্কার্স (এটিই) এবং গ্রুপ এইচআইজেওএস (চিলড্রেন ফর আইডেন্টিটি এন্ড জাস্টিস এগেইনস্ট অবলিভিয়ন অ্যান্ড সাইলেন্স) বুয়েন্স আয়ার্সের একটি ফেডারেল আদালতে একটি পৃথক অভিযোগ জমা দিয়েছে, যেখানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।























