হামাস নিরস্ত্র না হলে গাজা সিটি ধ্বংস করার অঙ্গীকার ইসরাইলের

- আপডেট সময় : ০৩:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 80
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন যে হামাস নিরস্ত্র করতে, অঞ্চলটিতে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে এবং ইসরায়েলের শর্তে যুদ্ধ শেষ করতে রাজি না হলে গাজা সিটি ধ্বংস করে দেবে।
“শিগগিরই গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের মাথার ওপর নরকের দরজা খুলে যাবে- যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্ত, প্রাথমিকভাবে সব জিম্মির মুক্তি এবং তাদের নিরস্ত্রীকরণের শর্তে সম্মত না হয়,” মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
ইসরায়েলের পূর্ববর্তী অভিযানে গাজার দুটি শহর ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি তারা রাজি না হয় তবে হামাসের রাজধানী গাজা রাফাহ এবং বেইত হানুন হয়ে যাবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে বলেছেন, তিনি গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তির লক্ষ্যে অবিলম্বে আলোচনার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহু আরও বলেন, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং হামাসের শক্ত ঘাঁটি ধ্বংস করতে জিম্মিদের মুক্তির অভিযানের সঙ্গে এই অভিযান চালানো হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে গাজা শহর দখলে সহায়তার জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
“এই দুটি বিষয়- হামাসকে পরাজিত করা এবং আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়া – একসাথে চলছে,” এক ভিডিও বিবৃতিতে বলেছেন নেতানিয়াহু।
মধ্যস্থতাকারীরা তাদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন, যা হামাস এই সপ্তাহের শুরুতে গ্রহণ করেছিল।
ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, নতুন চুক্তিতে পর্যায়ক্রমে জিম্মি মুক্তির বিষয়টি জড়িত, অন্যদিকে ইসরায়েল জোর দিয়ে বলেছে যে কোনও চুক্তিতে সমস্ত বন্দীকে একবারে মুক্তি দেওয়া হবে।
ইজরায়েলের লড়াই সম্প্রসারণ এবং গাজা সিটি দখলের পরিকল্পনা আন্তর্জাতিক নিন্দার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধিতার জন্ম দিয়েছে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।























