সুষ্ঠু নির্বাচন ব্যর্থ করতে প্রশাসনের ভেতরে দোসররা প্রস্তুত: রিজভী

- আপডেট সময় : ০৪:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 49
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান করছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা নিশ্চিত করার পরিকল্পনা করছে।
আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় স্কুল শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘পিআরের কথা বলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা রুখে দেবে জনগণ’
তিনি বলেন, ‘শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকরা নানা ফাঁদ ও ষড়যন্ত্র করছে। তবে জনগণের শক্তি সবচেয়ে বড়, যা শেখ হাসিনা কখনো অবজ্ঞা করতে পারেনি। অবশেষে জনগণ এবং ছাত্র-জনতার আন্দোলনের কাছে তাকে পরাজিত হতে হয়েছে। নতুন ষড়যন্ত্রেও তারা ব্যর্থ হবে এবং দেশে গণতন্ত্র ফিরবে। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রিজভী আরও বলেন, ‘সংবিধান ও আইন অনুযায়ী সংশোধন হতে পারে, কিন্তু সংবিধান ও নির্বাচিত সংসদ ছাড়া কোনো কিছু আইন হিসেবে বিবেচিত হবে না। আমাদের আইনের শাসনের জন্য লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা যাবে না।’
এসময় রিজভীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসনে মাহবুব শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ.বি.এম. মমিনুল হক এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















