নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

- আপডেট সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 48
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হমালার-ভাঙচুরের সময় পুলিশের ওপর হমালার অভিযোগে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদি হয়ে মামলাটি করেন। মামলার তথ্য আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
এরআগে, শুক্রবার জুমার নামাজের পর ‘তৌহিদী জনতা’ হামলা চালায় নুরাল পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন তাঁর ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পরে নুরাল পাগলার দরবার শরীফে আগুন দরিয়ে দেয় ‘তৌহিদী জনতা’। মরদেহ কবর থেকে তুলে সড়কে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি।
কবর থেকে তুলে ‘নুরা পাগলার’ মরদেহে আগুন, হামলায় নিহত ১
এদিকে, শুক্রবারের এই ঘটনার পর থেকে নুরাল পাগলার দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।
বিবৃতিতে বলা হয়, ‘গোয়ালন্দে নুরুল হকের (নুরাল পাগলা নামেও পরিচিত) কবরকে জঘন্যভাবে অপবিত্র করা এবং তার মৃতদেহকে জঘন্যভাবে পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায় ও সভ্য সমাজের মূল ভিত্তির ওপর সরাসরি আঘাত।’

























