এবার সারা দেশে পূজা হচ্ছে ৩৩ হাজার ৩৫৫টি

- আপডেট সময় : ০৪:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 66
সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ।
আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরেই পূজা অনুষ্ঠিত হবে ২৫৯টি মণ্ডপে।
তারা বলেন, তবে পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শুধু আসন্ন দুর্গাপূজা নয়, ৩৬৫ দিনই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায় ঢাকা মহানগর সার্বজনীন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নেতারা অভিযোগ করে বলেন, একদিকে পূজা উদযাপনের কথা বলা হচ্ছে অন্যদিকে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইন্তেখাব দিনার
কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড়, নাটোরসহ ১৩ জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে প্রতিমা ভাঙচুরের কথা তুলে ধরেন বক্তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভবিষ্যতেও যেন তারা কার্যকরী ভূমিকা রাখেন সে দাবি জানান তারা।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখতে চাই।
শারদীয় দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্মীয় উপদেষ্টা সাথে পৃথক বৈঠকে প্রতিকুল পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান পূজা উদযাপন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে সারা দেশের পূজার বিজয় দশমী সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়। এছাড়া, দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী তিন দিন ছুটিসহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় আট দফা দাবি তুলে ধরা হয়।






















