ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা, পিছিয়ে গেল ব্রাজিল
- আপডেট সময় : ০২:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 29
বিশ্বফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আবার শীর্ষস্থানে ফিরে এসেছে। গত সেপ্টেম্বরে তিনে নেমে যাওয়ার ধাক্কা পেরিয়ে এক মাসের মধ্যেই লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দুই নম্বরে উঠে এসেছে। নতুন হালনাগাদ তালিকায় আর্জেন্টিনার রেটিং পয়েন্ট বেড়ে ১৮৭২ হয়েছে। অন্যদিকে লাতিন ফুটবলের আরেক মহাশক্তি ব্রাজিল এক ধাপ পিছিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে।
আর্জেন্টিনার উন্নতির বিপরীতে অবনতি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। সেলেসাওরা আরও এক ধাপ পিছিয়ে এখন সাত নম্বরে অবস্থান করছে। ২০২৪ সালের জুলাই থেকে এক বছরের বেশি সময় ধরে পাঁচে থাকা ব্রাজিল গত সেপ্টেম্বরে ছয়ে নেমেছিল। এবার তাদের রেটিং পয়েন্ট ৩ কমে দাঁড়িয়েছে ১৭৫৯।
ফিফা অক্টোবর উইন্ডোতে দারুণ ফল পেয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জয় পেয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ভেনেজুয়েলাকে ১-০ গোলে এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারানোর ফলেই র্যাঙ্কিংয়ে এই উন্নতি হলো আলবিসেলেস্তেদের।
আন্তর্জাতিক ক্রিকেটে যোগ হচ্ছে নতুন ‘টেস্ট-টোয়েন্টি’ ফরম্যাট
অন্যদিকে ব্রাজিলের এশিয়া সফর ছিল মিশ্র অভিজ্ঞতার। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারালেও, পরের ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরাজয়ই তাদের র্যাঙ্কিংয়ে আবারও অবনতি ঘটিয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আগের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১৮৮১। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স, তাদের রেটিং পয়েন্ট ১৮৬৩। আগের মতোই যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও পর্তুগাল।
শীর্ষ দশে আরও পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস, তাদের রেটিং পয়েন্ট ১৭৬০। বেলজিয়াম ১৭৪০ পয়েন্ট নিয়ে আগের মতো আট নম্বরে অবস্থান করছে। তবে উন্নতি করেছে ইতালি ও জার্মানি। এক ধাপ এগিয়ে আজ্জুরিরা এখন ৯ নম্বরে (১৭১৭ পয়েন্ট)। দুই ধাপ এগিয়ে জার্মানি পুনরায় শীর্ষ দশে ফিরেছে, ১৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে দলটি এখন দশ নম্বরে অবস্থান করছে।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই