ইতিহাসের পাতায় মুশফিকের ১০০-তে ১০০
- আপডেট সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 49
ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সকালে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি। ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি সতর্কভাবে খেলেন মুশফিক, তবে পরের ওভারেই ইতিহাস গড়া মুহূর্তটি স্পর্শ করেন তিনি। ১৯৫ বল খেলেই তুলে নেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যেখানে ছিল মাত্র ৫টি চার।
টেস্ট ইতিহাসে শততম ম্যাচ খেলতে নেমে মুশফিকের আগে সেঞ্চুরি করা ব্যাটার ১০ জন। এবার তিন অঙ্ক ছুঁয়ে যেন একাদশ পূর্ণ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
১৯৬৮ সালে প্রথম নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কলিন কাউড্রি। এরপর একে একে এই তালিকায় যুক্ত হন গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (দুই ইনিংসেই), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।
আফ্রিকার বর্ষসেরা হয়ে ইতিহাস হাকিমির
এই দশজনের মধ্যে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন রুট ও ওয়ার্নার। ২০২২ সালে শততম টেস্টে শতকের তালিকায় যোগ দেন ওয়ার্নার। মুশফিকের সামনে এবার রুট ও ওয়ার্নারের সঙ্গী হওয়ার সুযোগ।
শততম টেস্টে মুশফিকের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে শুধু গর্ডন গ্রিনিজ। ক্যারিবিয়ান কিংবদন্তি শততম টেস্ট খেলতে নেমেছিলেন ৩৮ বছর ১১ মাস ১২ দিন বয়সে। এই ম্যাচের শুরুতে মুশফিকের বয়স ৩৮ বছর ৬ মাস ১১ দিন।
টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে মুশফিকের এটি ১৩তম সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ৭৫ টেস্টে ১৩টি সেঞ্চুরি আছে বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকেরও।
প্রথম দিন প্রথম সেশনে ব্যাটিংয়ে নামতে হয়েছিল মুশফিকের। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে বাংলাদেশ। সেখান থেকে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন মুশফিক।
মুমিনুল ৬৩ রান করে আউট হয়ে গেলে লিটন কুমার দাসের সঙ্গে জুটি বাধেন মুশফিক। প্রথম দিনে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৯০ রান।
সেঞ্চুরি ছোঁয়ার পথে একদমই ঝুঁকি নেননি অভিজ্ঞ ব্যাটার। সাবধানী ব্যাটিংয়ে রয়েসয়ে খেলে ১৯৫ বলে মাত্র ৫ চার মেরে কাঙ্খিত মাইলফলক স্পর্শ করেছেন তিনি।


























আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী