ভোটাররা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে: দুদক চেয়ারম্যান

- আপডেট সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 84
ভোটাররা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের। তাহলেই দেশে দুর্নীতি কমবে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে দুর্নীতি বসে আছে যা নিরসন কষ্টসাধ্য।’
রাজধানীতে বেড়েছে খুন; মূল কারণ বিচারহীনতা?
ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি ও দুর্নীতিবাজদের ধরন দুটোই বদলেছে। দুর্নীতি জাদুর মতো একবারে চলে যাবে না, এটা ধীরে ধীরে যাবে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।’
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম অলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করে থাকে।
এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। একই সঙ্গে দেশে সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ অন্যান্য এনজিওতে দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।






















