সালাহর গোলে শেষ ষোলোতে মিসর, অপেক্ষা বাড়ল মরক্কোর
- আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 171
আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও গোল পেয়েছেন মোহামেদ সালাহ। পেনাল্টি থেকে তার একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিসর।
মরক্কোর আগাদিরে শুক্রবার রাতে গ্রুপ ‘বি’ এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিসর।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার। জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা ১ পয়েন্ট করে পেয়ে তিন ও চার নম্বরে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বক্সের ভেতরে বলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার খুলিসো মুদাউয়ের আঘাতে সালাহ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক থেকে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন মিসর অধিনায়ক। প্রথমার্ধের যোগ করা সময়ে বাজে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় দক্ষিণ আফ্রিকা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। একাধিক গুরুত্বপূর্ণ সেভ দিয়ে দলকে রক্ষা করেন মিসর গোলকিপার। শেষ পর্যন্ত সালাহর একমাত্র পেনাল্টি গোলেই জয় নিশ্চিত করে মিসর।
অন্যদিকে গ্রুপ ‘এ’-তে মরক্কোর টানা ১৯ ম্যাচের জয়রথ থামিয়েছে মালি। স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে তারা। এই ড্র’য়ে নকআউট পর্বে ওঠার অপেক্ষা বেড়েছে মরক্কোর।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৬৪ মিনিটে লাসিনে সিনায়োকোর পেনাল্টি গোলে সমতা ফেরায় মালি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মরক্কো। মালি ও জাম্বিয়ার পয়েন্ট ২ করে। আগামী মঙ্গলবার রাতে জাম্বিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে মরক্কো।


























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩