বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু, বাংলাদেশে আসবে কবে

- আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, রোববার, ৪ জানুয়ারী ২০২৬
- / 91
পাঁচ মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় আয়োজনের উন্মাদনা বাড়িয়ে দিতে শুরু হয়েছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ট্রফি উন্মোচন করেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো।
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ট্রফি। বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি নিয়ে রিয়াদে পৌঁছান আলেসান্দ্রো দেল পিয়েরো।
বিমানবন্দরের রানওয়েতেই উন্মোচন করা হয় ট্রফি। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন ও শীর্ষ কর্মকর্তারা।
এরপর দেল পিয়েরো অংশ নেন শিশুদের একটি ফুটবল সেশনে। এই কিংবদন্তি সেখানে শিশুদের সঙ্গে সময় কাটান, মাঠে বিভিন্ন অনুশীলনে অংশ নেন। ট্রফি সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশুরা।
ভারত নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বিসিবি—আইসিসিকে চিঠি
সবশেষ রিয়াদের একটি বড় শপিং মলে দর্শকদের জন্য ট্রফি প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক ফুটবলভক্ত ও গণমাধ্যমকর্মী।
কোকা-কোলা ও ফিফার উদ্যোগে ষষ্ঠ এই ট্রফি ট্যুর ঘুরবে ফিফা সদস্যভুক্ত ৩০ দেশের ৭৫টি শহরে।
মোট ১৫০ দিন ধরে চলবে এই সফর, যেখানে বিশ্বজুড়ে ফুটবলভক্তরা কাছ থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি।
ট্যুর শেষে বিশ্বকাপ ট্রফির শেষ গন্তব্য হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যেখানে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ঢাকায় আগামী ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবলপ্রেমীরা। যদিও ট্রফি কোথায় প্রদর্শন করা হবে তা এখনও ঠিক হয়নি।
আগামী ১১ জুন শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। মেগা এই ইভেন্টে এবারই প্রথম ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
























