বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 66
শুরুর ধাক্কা সামলে দারুণ জুটি গড়লেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ও সোবহানা মোস্তারি। দুজনই পেলেন ফিফটির দেখা। বাংলাদেশ পেয়ে গেল বড় পুঁজি। পরে বোলারদের নৈপুণ্যে অনায়াস জয় পেল বাংলাদেশের মেয়েরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারাল বাংলাদেশ। বুধবার সকালে আগে ব্যাট করে ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় তারা। জবাবে ১২৬ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
প্রথম রাউন্ড থেকে নিয়ে আসা ৪ পয়েন্টসহ মোট ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকেট পাওয়ার পথে অনেকটা এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
টস হেরে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে ৮২ বলে ১১০ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সোবহানা। ৩ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৪৫ বলে ৫৬ রান করেন জুয়াইরিয়া।
বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে আর্জেন্টিনায়
চার নম্বরে নামা সোবহানার ব্যাট থেকে আসে ৫৯ রান। ৪২ বলে ৯ চার ও ১ ছক্কার ইনিংস খেলে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
শেষ দিকে ১৫ রানের ক্যামিও খেলে দলকে দেড়শ পার করান অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি।
থাইল্যান্ডের পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন থিপাচা পুথাওং।
রান তাড়ায় কখনও তেমন সম্ভাবনা জাগাতে পারেনি থাই মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন নাত্থাকান চান্থাম। এছাড়া নারুমল চাওয়াই ৩০ ও নানাপাট করেন ২৯ রান।
২৫ রান খরচ করে ৩ উইকেট নেন মারুফা আক্তার। রিতু ২০ রানে নেন ২ উইকেট।
শুক্রবার সকালে পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (দিলারা ০, জুয়াইরিয়া ৫৬, সুপ্তা ১১, সোবহানা ৫৯, স্বর্ণা ৪, জ্যোতি ৬, রাবেয়া ৫, রিতু ১৫, ফাহিমা ১*; মায়া ৩-০-৩৩-১, পুথাওং ৪-০-২২-৩, সুনিদা ৪-০-৩১-০, কামচম্ফু ৪-০-২৯-২, লাওমি ৪-০-৩৭-০, ছায়ানিসা ১-০-১৩-০)
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (সুয়ানান ০, চান্থাম ৪৬, নানাপাট ২৯, চাওয়াই ৩০, চানিদা ১, লাওমি ৭, মায়া ২, কামচম্ফু ২, সুনিদা ১*; মারুফা ৪-০-২৫-৩, নাহিদা ৩-০-২৭-০, রাবেয়া ২-০-১৫-০, রিতু ৪-০-২০-২, ফাহিমা ৩-০-১৮-১, স্বর্ণা ৪-০-২১-২)
ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী

























হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭