নতুন অধ্যায় শুরু করলেন তামান্না ভাটিয়ার!

- আপডেট সময় : ১২:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 165
প্রায় কুড়ি বছর ধরে হিন্দি, তামিল ও তেলুগু চলচ্চিত্র জগতে অভিনয় করার পর অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবার উদ্যোক্তা হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন। তিনি সম্পূর্ণ নিজস্ব পুঁজিতে একটি ফাইন জুয়েলারি ব্র্যান্ড চালু করেছেন। মুম্বইয়ের জুহুতে ইতিমধ্যেই তাঁর ফ্ল্যাগশিপ স্টোর খোলা হয়েছে। আগামী দিনে হায়দরাবাদ, চেন্নাই ও নয়াদিল্লি-সহ একাধিক শহরে আরও শোরুম খোলার পরিকল্পনাও রয়েছে তাঁর।
‘তামান্না ফাইন জুয়েলারি’-র গয়নার দাম শুরু হচ্ছে ৯০ হাজার টাকার বেশি থেকে, যা গিয়ে পৌঁছচ্ছে ১১ লক্ষ টাকারও উপরে। সম্প্রতি CNBC-TV18-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, বাজারদর, সোনার মূল্য এবং পণ্যের মান বিবেচনায় তাঁদের গয়নার দাম যথেষ্ট প্রতিযোগিতামূলক। তাঁর কথায়, ভারতীয় ক্রেতারা সচেতন এবং মূল্যবোধনির্ভর তাঁর নিজের কেনাকাটার অভিজ্ঞতাও ঠিক তেমনই।
তামান্নার মতে, ভারতে গয়না কেনা হয় শুধু সাজসজ্জার জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ ও বিনিয়োগের মূল্য। পোশাক সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু ফাইন জুয়েলারি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতে পারে। তিনি বলেন, “পোশাক আমি একসময় ছেড়ে দিতে পারি, কিন্তু গয়না আমি উত্তরাধিকার হিসেবে দিয়ে যেতে পারি।”
২৬শে ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার বিয়ে!
নিজের ব্র্যান্ডে তিনি মূলত প্রাকৃতিক হিরে ব্যবহার করছেন, ল্যাব-গ্রোন হিরে নয়। তাঁর দাবি, বাজারে আসার পর থেকেই ল্যাব-গ্রোন হিরের দাম প্রায় ৮০ শতাংশ কমেছে। তামান্নার যুক্তি, প্রাকৃতিক হিরে পৃথিবীর গভীর থেকে আসা এবং লক্ষ লক্ষ বছর প্রাচীন, এই ঐতিহ্য ও বিরলতাই তাকে আলাদা মর্যাদা দেয়। অন্যদিকে প্রযুক্তিনির্ভর ল্যাব-গ্রোন হিরে ভবিষ্যতে ব্যাপক হারে উৎপাদিত হতে পারে, যা বিলাসিতা ও গণউৎপাদনের পার্থক্যকে ঘুচিয়ে দেবে এবং দামে প্রভাব ফেলবে।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তামান্না জানান, মাত্র ১৫ বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। প্রথমদিকে আর্থিকভাবে বাবা-মায়ের উপর নির্ভরশীল ছিলেন, বিশেষ করে তাঁর বাবা এখনও অর্থনৈতিক সিদ্ধান্তে তাঁকে পরামর্শ দেন। ১৮ বছর বয়সের পর তিনি আর্থিকভাবে স্বাধীন হন এবং গয়না ও রিয়েল এস্টেট-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করেন। তাঁর স্বীকারোক্তি, অনেক অভিনেতাই নিয়মিত প্রচুর অর্থ উপার্জন করলেও সঠিক সময়ে সঞ্চয় বা বিনিয়োগ না করলে শেষ পর্যন্ত তেমন কিছুই হাতে থাকে না।
অভিনয়ের ক্ষেত্রে তামান্নাকে শেষ দেখা গিয়েছে ও রোমিও (O Romeo) ছবিতে। খুব শিগগিরই তিনি হাজির হবেন ভভান-বনের বাহিনী (Vvan – Force of the Forest) ছবিতে।
























