বাফুফেকে তিনটি স্টেডিয়াম দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

- আপডেট সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 67
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠটাই কেবল ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আওতাধীন। এবার গ্যালারি ও স্টেডিয়ামের আবাসন ফেডারেশনকে হস্তান্তর করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে আরও দুটি স্টেডিয়াম- সিলেট জেলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম এমএ স্টেডিয়াম। বাফুফেকে স্টেডিয়াম হস্তান্তরের বিষয়টি আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার এনএসসির সভাকক্ষে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘গ্রামাঞ্চলে অনেক ফুটবল মাঠ থাকতে পারে, তবে বিশেষ করে ফিফা অনুদানের আওতায় আমাদের ফুটবল ফেডারেশন কিছু ভেন্যু বরাদ্দের অনুরোধ করেছিল। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনটি মাঠ ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সহ-সভাপতি ফাহাদ করিম, নাসের শাহরিয়ার জাহেদি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেডারেশনের প্রতিনিধিরা মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে শুধুমাত্র ফুটবলের জন্য নির্দিষ্ট ভেন্যুর বিষয়টি প্রধান দাবি হিসেবে উঠে আসে। বৈঠকের পর কথা বলতে গিয়ে আমিনুল হক জানান, ‘আলোচনা মূলত ফুটবলের ভবিষ্যৎ, বর্তমান গতিকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়েই হয়েছে।’
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এই বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, ‘বৈঠকের পর আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অনুপ্রাণিত এবং উৎসাহিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের নতুন অভিবাবকের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের রাষ্ট্রপতির সমর্থনে নিশ্চিতভাবেই এই মেয়াদে আমরা একটি ফুটবল-বান্ধব স্টেডিয়াম পাব।’




















