বিডিআর বিদ্রোহে নিহতদের কবরে জামায়াত আমিরের শ্রদ্ধা ও মোনাজাত
- আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 82
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান ও দলের নেতৃবৃন্দ বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পিলখানার সেই নৃশংস হত্যাযজ্ঞকে দেশের ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হিসেবে অভিহিত করে জামায়াত আমির শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর
এর আগে সকাল ১০টায় রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিন বাহিনীর প্রধানগণ।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় এই দিনটি যথাযথভাবে পালিত না হলেও ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। সেই অনুযায়ী আজ সারাদেশে অত্যন্ত শোকাতুর পরিবেশে দিবসটি পালিত হচ্ছে।






















সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার