আরও একটি ইরানি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করল শ্রীলঙ্কা
- আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 72
কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা ‘আইআরআইএস বুশেহর’ নামের আরও একটি ইরানি জাহাজ থেকে ২০৮ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চাওয়ার পর কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন।
এবার মারমুখী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
প্রেসিডেন্ট দিসানায়েকে জানান, সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। জাহাজটি থেকে উদ্ধার হওয়া ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন। ক্রুদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে তুলে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এরপর উদ্ধারকৃত এই ক্রুদের এবং উদ্ধারকাজে অংশ নেওয়া শ্রীলঙ্কান নাবিকদের ত্রিনকমালি বন্দর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এর আগে গত ৪ঠা মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি ‘আইআরআইএস দেনা’ নামের আরেকটি ইরানি জাহাজ হামলার শিকার হয়ে ডুবে যায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা সাবমেরিন টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবিয়ে দিয়েছে। ওই ঘটনার পর ডুবন্ত জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হলে শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য গালে জাতীয় হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ওই জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। পরবর্তীতে নিখোঁজদের মধ্যে ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করে সেগুলোও গালে জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথ্যসূত্র: রয়টার্স


























নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?