প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

- আপডেট সময় : ০৩:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 67
জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী প্রত্যাশিত দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
তিনি বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।
শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা যায়।
দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম ও প্রত্যাশার এই ঈদকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন আবহ। এটি শুধু উৎসব নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত ইতিহাসের এক মেলবন্ধন—যেখানে অর্জন ও অপূর্ণতার অনুভূতি একসঙ্গে ধরা দিয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন করছে জাতি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
পরে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরপর প্রধানমন্ত্রী সপরিবারে শের-ই বাংলা নগর-এ গিয়ে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।
























