যুক্তরাষ্ট্রকে নৌ-অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি আরব
- আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 53
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ পরিকল্পনার জেরে ইরান লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই হরমুজ প্রণালির অবরোধ তুলে নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে জোরালো চাপ দিচ্ছে সৌদি আরব।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস উৎপাদনকারী দেশগুলোর দীর্ঘদিনের স্থিতাবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র সৌদি আরব মনে করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তা পরিস্থিতিকে আরও বিপর্যয়কর করে তুলবে।
আরব কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন, ইরানের অর্থনীতিতে চাপ বাড়াতে বন্দর অবরোধ করা হলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও অচলাবস্থা তৈরি করতে পারে, যার অন্যতম লক্ষ্য হতে পারে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি।
মূলত বিগত ৫ সপ্তাহের সংঘাতে তেহরান প্রমাণ করেছে, তারা কৌশলগত নৌপথ বন্ধ করতে এবং আঞ্চলিক অবকাঠামোতে ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম ও পুরোপুরি প্রস্তুত। ইরানের এ অবস্থানের কারণে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার হিসাব-নিকাশ পাল্টে গেছে এবং উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ কৌশল মারাত্মক হুমকির মুখে পড়েছে।
চলমান এ যুদ্ধের ডামাডোলের মধ্যেও সৌদি আরব বিকল্প ব্যবস্থা হিসেবে মরুভূমি পেরিয়ে লোহিত সাগরের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালিতে অচলাবস্থা থাকায় রিয়াদ বর্তমানে তেল রপ্তানির জন্য এ বিকল্প পথের ওপরই পুরোপুরি নির্ভরশীল। কিন্তু নতুন করে মার্কিন অবরোধের জেরে ইরান যদি বাব আল-মান্দেব প্রণালিও বন্ধ করে দেয়, তবে সৌদি আরবের এই অবশিষ্ট তেল রপ্তানি ব্যবস্থাও চরম ঝুঁকির মুখে পড়বে বলে রিয়াদ গভীরভাবে উদ্বিগ্ন। তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী