ইরানের বিশ্বকাপ: আবাস মেক্সিকোতে, ম্যাচ যুক্তরাষ্ট্রে
- আপডেট সময় : ০১:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 31
সাম্প্রতিক সংঘাত ঘিরে ফিফা বিশ্বকাপে অদ্ভুত পরিস্থিতির মাঝে পড়ে গেল ইরান। তাদেরকে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েই খেলতে হবে গ্রুপ পর্বের তিন ম্যাচ। তাই মেক্সিকো থেকে আসা-যাওয়া করে বিশ্বকাপে অংশ নিতে হবে ইরানের।
সংবাদ সম্মেলনে ইরান দলকে ঘিরে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি বলেছেন, ফিফার অনুরোধের পর ইরানের বিশ্বকাপ দলকে রাখতে কোনো আপত্তি নেই তাদের। তাই মেক্সিকোতে থেকেই বিশ্বকাপ খেলবে ইরান।
ফলে ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলে আবার মেক্সিকোয় ফিরে যাবে ইরান। শেইনবাউম জানান, যুক্তরাষ্ট্র ইরানকে পুরো টুর্নামেন্টজুড়ে নিজেদের দেশে থাকার অনুমতি দিতে না চাওয়ায় ফিফা মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে।
এরপরই ইরানকে মেক্সিকোয় থাকার অনুমতি দেয় দেশটি। শেইনবাউম বলেন, ‘তাদের (ইরান) মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না।’
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ফিফা বিশ্বকাপ। গ্রুপ ‘জি’ তে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিশর।
এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছিলেন, দলের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায়। সোমবার সেই সিদ্ধান্তের অনুমোদন দেয় ফিফা।
তাজ বলেন, এই পরিবর্তনের ফলে ভিসাজনিত জটিলতা এড়ানো সহজ হবে। পাশাপাশি ইরান এয়ারের সরাসরি ফ্লাইটেও দলটি মেক্সিকোয় যাতায়াত করতে পারবে।
ইরানের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে। তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকেই প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রে আয়োজিত ম্যাচ খেলতে ইরান দল আদৌ যাবে কি না।
মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানকে স্বাগত জানানো হবে। তবে নিরাপত্তার কারণে পুরো সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করাটা ‘উপযুক্ত হবে না’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।
একই সময়ে ইরান তাদের গ্রুপের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করেছিল। যদিও শেষ পর্যন্ত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এই অনিশ্চয়তার মধ্যেই এপ্রিল মাসে ট্রাম্পের বৈশ্বিক অংশীদারবিষয়ক দূত পাওলো জাম্পোলি প্রস্তাব দিয়েছিলেন, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়া যেতে পারে। তবে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ ও ফিফা সেই আলোচনা গুরুত্ব দেয়নি।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরান।


























নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী