ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 23
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান।
শনিবার (২০ জুন) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড-খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এই ঘোষণা দেয়।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ও রয়টর্স এ খবর প্রকাশ করেছে।
রয়টর্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ করে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। লেবাননসহ মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে চলমান বৃহত্তর আঞ্চলিক সংঘাতের অবসান ঘটানোই ছিল এই চুক্তির মূল লক্ষ্য।
চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের পক্ষ থেকে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি অন্যতম শর্ত হিসেবে জোর দেওয়া হয়েছিল। তবে নতুন করে শুরু হওয়া এই সহিংসতা সেই চুক্তির ভবিষ্যৎকে চরম সংকটে ফেলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘চুক্তি ভঙ্গ’ এবং ‘লেবাননের দক্ষিণাঞ্চলে জায়নবাদী শাসকগোষ্ঠীর ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অজুহাত দিয়ে ইরানের সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে জানায়, ‘এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।’
একে তারা প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী রুট এই হরমুজ প্রণালি দীর্ঘ যুদ্ধাবস্থার কারণে আগে থেকেই ইরানের অবরোধের মুখে ছিল, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছিল।
এই সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ফলে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।























নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী