কাতারকে বিদায় করে অপেক্ষায় বসনিয়া
- আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 27
নকআউটের আশা স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প ছিল না বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতারের সামনে। এমন ম্যাচে তুমুল লড়াই হলো দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো বসনিয়া। তারপরও নকআউট নিশ্চিত হয়নি মেগা এই আসরে একযুগ পর ফেরা দক্ষিণ পূর্ব ইউরোপের দলটির।
বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পায় বসনিয়া।
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল সের্হেই বারবারেজের বসনিয়া। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা।
আর ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে শক্তিশালী সুইজারল্যান্ড। দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে এসে ১ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে কাতারকে। ঘরের মাঠে ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা কাতার গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল। এবার আমেরিকা বিশ্বকাপেও জয়ের দেখা পেল না দলটি।
এই বিশ্বকাপে ১২ গ্রুপের শীর্ষ দুই দল করে সরাসরি যাবে নকআউটে। ১২ গ্রুপের মধ্যে সেরা তৃতীয় ৮টি দল পাবে শেষ ৩২ এর টিকিট।
গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ড শেষে তৃতীয় সেরা আট দলের মধ্যে থাকতে পারলে কপাল খুলে যাবে বসনিয়ার। ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে ১৯৯০ বিশ্বকাপ পর্যন্ত যুগস্লাভিয়া নামে খেলা দলটি।
আসরে এবার প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরু করে বসনিয়া। পরের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে হারা তারা। বড় ব্যবধানের ওই হারটিই শেষ পর্যন্ত তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সুইজারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ১-১ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু করে কাতার। যদিও পরের ম্যাচে কানাডার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় দলটি।
ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য থাকে বসনিয়ার। যদিও প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগে দুবার লক্ষ্যে শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। অবশেষে ২৯ মিনিটে গোলের দেখা পায় বসনিয়া। মাঝ মাঠ থেকে ইভান বেসিচের এর কাছ থেকে বল পেয়ে বক্সের একটু সামনে থেকে ডান পায়ের জোরালো শটে টপ কর্নার দিয়ে জাল কাঁপান কেরিম আলাজবেগোভিচ। টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম দৃষ্টিনন্দন গোলটাই বোধকরি করলেন বসনিয়ার এই ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে কাতারের আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ করে বসনিয়া। দলটির ফরোয়ার্ড এডিন জেকোর শটে কাতারের ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়। শটের লাইনে থাকা গোলকিপার পরে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়েও আর আটকাতে পারেননি। বল গড়িয়ে খুঁজে নেয় জাল।
আক্রমণের ধারা বজায় রেখে ৩৮ মিনিটে এডিন জেকোর বা পায়ের জোরালো শট গোলকিপারকে ফাঁকি দিলেও দূরের পোস্টে লেগে ফিরে আসে।
বসনিয়া ব্যবধান আরও বাড়াতে না পারলেও ওই গোল মিসের চার মিনিটের মধ্যে এক গোল পরিশোধ করে কাতার। এডমিলসন জুনিয়রের ক্রসে ছোট বক্সে টোকায় গোল করেন হাসান আল হাইদোস।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচে সমতায় ফিরতে পারত কাতার। কিন্তু পেদ্রো মিগুয়েলের আড়াআড়ি নিচু শট লাগে দূরের পোস্টে। নিশ্চিত গোলের সুযোগ কিভাবে মিস করলেন, মাথায় হাত দিয়ে সেটাই যেন বুঝতে পারছিলেন না কাতার ডিফেন্ডার। শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মধ্যপ্রাচ্যের দলটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে রক্ষণ সামলানোতেই বেশি গুরুত্ব দিয়েছে বসনিয়া। তবে গোলের জন্য মরিয়া হয়ে থাকা কাতারকে হতাশায় ডুবিয়ে ৮১ মিনিটে দারুণ গোলে ব্যবধান ৩-১ করেন আর্মিন মাহমিচ।






















অবসর নিয়ে কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!