জোতাকে জয় উৎসর্গ করলেন রোনালদো
- আপডেট সময় : ১০:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 4
টরোন্টোতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-র ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ম্যাচশেষে দিয়োগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকে শ্রদ্ধা জানান অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে ছিলেন পুরো দলের খেলোয়াড়র ও পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস।
ঠিক এক বছর আগের এই দিনেই স্পেনের পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা জোতার স্মৃতিকে সামনে রেখেই ম্যাচে নেমেছিল রোনালদোরা।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ম্যাচের আগেই আমরা জানতাম দিনটি কতটা বিশেষ। জীবনের এই অদ্ভুত কাকতালীয় বিষয়টা নিয়ে আজ আমরা নিজেদের মধ্যে কথাও বলছিলাম, এটা সত্যিই অবিশ্বাস্য। আজকের এই পরিস্থিতি আমাদের জন্য অনেক বড় কিছু। শুধু আমরা ম্যাচটি জিতেছি বলেই নয়, যেভাবে জিতেছি সেটাও দারুণ অর্থবহ।’
পরে পর্তুগালের স্পোর্ট টিভিকে রোনালদো বলেন, ‘আমরা জানি সে (জোতা) আমাদের মাঝেই আছে। আজকের জয়টা শুধু তাকেই উৎসর্গ করার জন্য, এটাই ছিল তাকে সম্মান জানানোর সেরা উপায়।’
ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েন তিনি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোস জয়সূচক গোল করলে শেষ ষোলো নিশ্চিত হয় পর্তুগালের।
তবে নাটকীয়তার শেষ তখনও বাকি ছিল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মারিও পাসালিচের শটে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েছে বলে মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত আসে এবং গোলটি বাতিল হয়।
শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।



























Supreme leader’s body arrives at Tehran religious complex for funeral