মাশহাদে চিরশায়িত খামেনি, জনসমুদ্রে ট্রাম্পবিরোধী স্লোগান
- আপডেট সময় : ১১:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 1
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শেষকৃত্যে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হয়। সেখানে ইমাম রেজা (আ.)-এর মাজারসংলগ্ন এলাকায় তাঁকে দাফন করা হয়।
জীবদ্দশায় এখানেই দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। দাফনের আগে অনুষ্ঠিত জানাজা ও শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন।
অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী এবং ট্রাম্পবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের একটি অংশ ট্রাম্পকে হত্যার হুমকিসূচক স্লোগানও দেয়।
এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হলে সেখানেও বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানান। গত কয়েক দিন ধরে ইরান ও ইরাকজুড়ে তাঁকে ঘিরে শোকানুষ্ঠান, জানাজা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছিল।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় শেষকৃত্য ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে দেশজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই খামেনির দাফন সম্পন্ন হলো। সূত্র: রয়টার্স























মাশহাদে চিরশায়িত খামেনি, জনসমুদ্রে ট্রাম্পবিরোধী স্লোগান