ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর
- আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 8
ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
একই সঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও জানিয়েছেন, সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।
সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।’ ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু বলেন, আকাশে আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, প্রয়োজন হলে ইরানের ওপর আবারও হামলা চালাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত। তার ভাষায়, আকাশে আবারও আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রয়োজন হলে দ্বিতীয় বা তৃতীয়বারও ইরানে হামলা চালিয়ে হুমকি দূর করতে তারা প্রস্তুত।
এর আগে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছায়। এর লক্ষ্য ছিল দুই দেশের সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথ তৈরি করা।
তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওই সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। এর পরই নতুন করে সামরিক সংঘাত শুরু হয়।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত দুই দিনে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালালে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি


























Iranian Embassy in Turkey: NATO’s claims on Iran’s nuclear program and the Strait of Hormuz are baseless