যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ব্রিটেনও ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি
- আপডেট সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬
- / 3
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ক্ষেত্রে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো কিংবা অন্য কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতা করে, তাহলে সেসব দেশ ইসলামিক প্রজাতন্ত্রের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হয়ে উঠবে।
আইআরজিসির ওই মুখপাত্র বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানে সাম্প্রতিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমানগুলো ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করেছে।
তিনি বলেন, ‘তারা যদি সহযোগিতা করে, তাহলে তারা আমাদের নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হবে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এ হুঁশিয়ারি এলো। তেহরান এর আগে জানিয়েছে, যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

























চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর