শত শত বোয়িং উড়োজাহাজে নিরাপত্তা ঝুঁকি
- আপডেট সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 9
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের শত শত উড়োজাহাজে নতুন নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্ক করে জানিয়েছে, শত শত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের আসন ভুলভাবে স্থাপন করা হয়ে থাকতে পারে।
এতে জরুরি অবতরণের সময় আসন খুলে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের আহত হওয়ার পাশাপাশি জরুরি নির্গমন কাজও ব্যাহত হতে পারে। এ কারণে সেগুলো পরিদর্শনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের এই বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ৪৫৩টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে এ সমস্যা থাকতে পারে বলে স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। আর তাই সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে এসব উড়োজাহাজের আসন পরীক্ষা করার নির্দেশ দেয়ার প্রস্তাব করা হয়েছে।
এফএএর মতে, আসনগুলো ঠিকভাবে বসানো না থাকলে জরুরি অবতরণের সময় সেগুলো খুলে যেতে পারে। এতে যাত্রী ও ক্রু সদস্যরা আহত হতে পারেন। পাশাপাশি খুলে যাওয়া আসন চলাচলের পথ আটকে দিয়ে জরুরি অবস্থায় যাত্রীদের দ্রুত সরিয়ে নেয়ার কাজও বাধাগ্রস্ত করতে পারে।
অবশ্য প্রস্তাবিত এ নির্দেশনা শুধু যুক্তরাষ্ট্রে নিবন্ধিত উড়োজাহাজের জন্য প্রযোজ্য হবে। কারণ বিদেশি এয়ারলাইনগুলোর ওপর এফএএর নিয়ন্ত্রণ নেই। তবে বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো সাধারণত নিজেদের বাজারে পরিচালিত উড়োজাহাজের ক্ষেত্রে এ ধরনের বিষয়ে এফএএর নির্দেশনা অনুসরণ করে থাকে।
বার্তাসংস্থা রয়টার্সকে বোয়িংয়ের এক মুখপাত্র জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ডিসেম্বরেই উড়োজাহাজ পরিচালনাকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছিল। তিনি বলেন, ‘এ নির্দেশনাকে বাধ্যতামূলক করার এফএএর উদ্যোগকে আমরা সমর্থন করছি।’
এদিকে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার এ সতর্কতার মধ্য দিয়ে বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন আবারও সামনে এসেছে।
২০২৪ সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের কেবিনের একটি প্যানেল উড়ে যায়। এতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি এবং এফএএ ১৭১টি উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখে। পরে তদন্তে দেখা যায়, ওই প্যানেলটি আটকে রাখার চারটি গুরুত্বপূর্ণ বোল্ট লাগানোই ছিল না।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে একের পর এক দুর্ঘটনা এবং ২০২৪ সালের মার্চে বোয়িংয়ের নিরাপত্তা-সংক্রান্ত অনিয়ম প্রকাশকারী (হুইসেলব্লোয়ার) জন বার্নেটের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নজরদারি আরও জোরদার হয়। নিরাপত্তা-সংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দেয়ার সময় তার মৃত্যু হয়।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, আলাস্কা এয়ারলাইনসের ওই ঘটনার মতো দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, নির্দেশনা ও তদারকি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল বোয়িং।
বিমান চলাচল-বিষয়ক পরামর্শ ও তথ্যপ্রতিষ্ঠান আইবিএর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২ হাজার ৩০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৮২৩টি রয়েছে যুক্তরাষ্ট্রে।
























২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ