হুতির বিরুদ্ধে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
- আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 8
ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সমুদ্রপথের পাশাপাশি প্রয়োজনে স্থলপথেও অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের তেল রপ্তানিতে দক্ষিণ লোহিত সাগর পথে হুতির বাধা ভাঙতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে মনে করছে ইয়েমেনি সূত্রগুলো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। সূত্রগুলোর ধারণা, এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে।
ইয়েমেনের ভেতরে সৌদি বাহিনীর সাম্প্রতিক গতিবিধির মধ্যে মধ্য-দক্ষিণাঞ্চলের আল-বাইদা প্রদেশকে ঘিরে সেনা সমাবেশের বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে। সূত্রগুলো বলছে, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য সেখানে বাহিনী জড়ো করা হচ্ছে।
আল-বাইদা ২০২০-২১ সালে হুতিদের নিয়ন্ত্রণে চলে যায়। গত দুই সপ্তাহে হুতি ও সৌদি আরবের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
সৌদি আরবের ভেতরে এসব হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি বিমানবাহিনী হুতিদের নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর লোহিত সাগরে আরও একটি সৌদি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। গত এক মাসে দীর্ঘদিনের অস্বস্তিকর স্থিতাবস্থাও উভয়ের মধ্যে ভেঙে পড়েছে।
ইরানের ঘনিষ্ঠ হুতি ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। গত ২০ জুলাই তারা সৌদি জাহাজের বিরুদ্ধে অবরোধ কার্যকর করার ঘোষণা দেয়। গোষ্ঠীটি বলছে, সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ তুলে নিলে তারাও সৌদি জাহাজের ওপর অবরোধ প্রত্যাহার করবে। এর আগে ২০১৫ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে হস্তক্ষেপ করেছিল সৌদি আরব।























যতই অবরোধ হোক অটোপাশের সুযোগ নেই : হুইপ দুলু