পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
- আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, রোববার, ২ অগাস্ট ২০২৬
- / 5
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস দেখতে যাওয়া পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১১ বিদেশি পর্যটক ও দুই ক্রুসহ মোট ১৩ জনের সবাই নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশ কর্মকর্তা জর্জ আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বিমানের কেউই বেঁচে নেই। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
পেরুর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ১১ যাত্রীই বিদেশি পর্যটক। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক।
বিমানটি পরিচালনা করছিল অ্যারোডিয়ানা, যা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইনস আকাশপথে দেখানোর জন্য নিয়মিত দর্শনীয় ফ্লাইট পরিচালনা করে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, উড্ডয়নের পর আকাশে জরুরি পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পেরুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মরুভূমির বুকে আঁকা রহস্যময় নাজকা লাইনস বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রতিবছর হাজারো বিদেশি পর্যটক ছোট বিমানে করে আকাশ থেকে এই বিশালাকৃতির জিওগ্লিফগুলো দেখতে সেখানে যান।
এর আগেও একই এলাকায় একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে সাতজন এবং ২০১০ সালে আরেকটি দুর্ঘটনায় ছয়জন নিহত হন। সূত্র: এএফপি, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।





















প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর