ভিলাকে হারিয়ে টানা দ্বিতীয় সুপার কাপ জিতল পিএসজি
- আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 5
নতুন মৌসুমের শুরুতেই সাফল্য পেয়ে গেল পিএসজি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউয়েফা সুপার কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়ার সালজবুর্গে বুধবার রাতে হওয়া ফাইনালে ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ফরাসি জায়ান্ট ক্লাব। পিএসজির হয়ে গোল দুইটি করেন খাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ে। ভিলার হয়ে একটি শোধ করেন ব্রায়ান মাদজো।
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের মধ্যে হয় এই সুপার কাপ ম্যাচ। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।
এবার ইংল্যান্ডের আরেক ক্লাব ভিলাকে খালি হাতে ফেরাল লুইস এনরিকের দল।
ম্যাচে অবশ্য পিএসজির কঠিন পরীক্ষাই নেয় ভিলা। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৪টি শট করে তারা। এর মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে পিএসজির ৯ শটের ৫টি ছিল লক্ষ্য বরাবর। যার দুটিতে মেলে গোল।
প্রথমার্ধে গুছিয়ে নিতে কিছুটা সময় নেওয়ার পর ২০তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় পিএসজি। ডি-বক্সে পাওয়া বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল শটে বল জালে পাঠান কাভারাৎসখেলিয়া।
কিছুক্ষণের মধ্যে লিড দ্বিগুণ হতে পারত তাদের। তবে নুনো মেন্দেসের চমৎকার বলে পা ছোঁয়াতে পারেননি কেউ।
উল্টো বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের মাথায় মাদজোর গোলে ম্যাচে ফিরে আসে সমতা। জন ম্যাকগিনের ক্রসে পাওয়া বলে নিখুঁত শটে জাল কাঁপান ১৭ বছর বয়সী উঠতি তারকা।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সফল হয় পিএসজি।
৬১ মিনিটের মাথায় দারুণ পাল্টা আক্রমণে উসমান দেম্বেলের পাস ধরে ডান দিকে ডি-বক্সে ঢুকে যান দেজিরে দুয়ে। পরে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে ফেলেন তারকা ফরোয়ার্ড।
এ নিয়ে পিএসজির হয়ে ১৩টি শিরোপা জিতলেন লুইস এনরিকে। সেটিও কিনা মাত্র তিন বছরে!


























মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি