চুক্তি হলো না, কানাডার ওপর নতুন মার্কিন শুল্ক
- আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 2
বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এর পরই কানাডা থেকে আমদানি করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দীর্ঘদিনের দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হলো।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩৩৮ ধারার আওতায় আরোপ করা এই শুল্ক শনিবার মধ্যরাতের পর থেকেই কার্যকর হবে।
এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নতুন মার্কিন শুল্কের বিপরীতে সমপরিমাণ প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ওয়াশিংটনে টানা তিন দিন কানাডার যুক্তরাষ্ট্রবিষয়ক বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে আলোচনা চলার পরও কোনো সমঝোতা হয়নি।
এক বিবৃতিতে কার্নি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি এবং কানাডার আলোচকদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন, কানাডার আলোচকেরা শেষ মুহূর্ত পর্যন্ত আন্তরিকতার সঙ্গে দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে শেষ মুহূর্তের পরিবর্তন ছিল ‘অন্যায্য ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক’। এসব পরিবর্তন যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন এই শুল্ক কানাডার মোট রপ্তানির তুলনামূলক ছোট একটি অংশে প্রযোজ্য হলেও দেশটির ইস্পাত, কাঠ ও গাড়ির ওপর আগে থেকেই থাকা মার্কিন শুল্কের সঙ্গে নতুন চাপ যুক্ত হবে।
বিশ্লেষকদের আশঙ্কা, নতুন শুল্ক কানাডার নাজুক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে। পাশাপাশি আগামী মাসগুলোতে দুই দেশের মধ্যে বৃহত্তর মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ওপরও এর প্রভাব পড়তে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় কানাডার বহু শিল্পখাত আগে মার্কিন শুল্ক থেকে সুরক্ষা পেলেও নতুন শুল্কের ক্ষেত্রে সেই অগ্রাধিকার প্রযোজ্য হবে না।




















চুক্তি হলো না, কানাডার ওপর নতুন মার্কিন শুল্ক