ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের তেলের ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

- আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 28
লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি তেল ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমজান’ নামের একটি তেলের ট্যাংকারকে ‘সৌদি আরবের ইয়ানবু উপকূলের অদূরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে’।’ খবর আল জাজিরা ও গালফ নিউজের।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্ষেপণাস্ত্রের আঘাতটি ছিল একদম নির্ভুল ও প্রত্যক্ষ, যার ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।’
এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, সোমবার (২৪ আগস্ট) সৌদি আরবের লোহিত সাগর উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যায়।
ইউকেএমটিও তাদের প্রতিবেদনে জানায়, ‘একটি অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারটির মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজের সব কর্মী নিরাপদ ও শঙ্কামুক্ত রয়েছেন এবং কোনও পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
সংস্থাটি আরও জানায়, সৌদি শহর ইয়ানবু থেকে ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে ঘটনাটি ঘটেছে।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র বিবৃতিতে আরও দাবি করেছেন, আল-আবর, আল-ওয়াদিয়া এবং আল-কানাইসে সৌদি সামরিক বহর ও অবস্থানগুলোর ওপর হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১০টিরও বেশি অস্ত্রবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সৌদি বাহিনীর বেশ কয়েকজন কমান্ড ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন।
তবে তেলের ট্যাংকার এবং সামরিক বহরে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব।























