আফগানিস্তান-ইরাকের পর এবার ইরানের ফাঁদে ট্রাম্প
- আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 6
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প নিজেদের ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদেশি সংঘাত বন্ধ করবেন। তবে ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার দুই দশক পর এখন তিনি নিজেই ইরানের বিরুদ্ধে এক দীর্ঘ ও অপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যাকে বিশ্লেষকেরা ট্রাম্পের নিজস্ব ‘অনন্ত যুদ্ধ’ বা ‘ফরেভার ওয়ার’ হিসেবে অভিহিত করছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, ‘ইরাক ও আফগানিস্তান ট্র্যাজেডির পর ওয়াশিংটনে নতুন কোনো দীর্ঘমেয়াদি মধ্যপ্রাচ্য যুদ্ধে না জড়ানোর যে নীতিগত সীমা তৈরি হয়েছিল, ট্রাম্প তা ভেঙে দিয়েছেন। এর ফলে তার উত্তরসূরিদের জন্য একটি স্থায়ী যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের উত্তরাধিকার রেখে যাচ্ছেন তিনি।’
যদিও হোয়াইট হাউস দাবি করছে, বর্তমান সংঘাতের সঙ্গে ৯/১১-পরবর্তী ইরাক বা আফগানিস্তান যুদ্ধের কোনো মিল নেই। আগের যুদ্ধগুলোতে লাখ লাখ সেনা পাঠিয়ে সরাসরি ভূখণ্ড দখল ও সরকার পরিবর্তন করা হয়েছিল। এবার মূল নজর দেয়া হয়েছে আকাশ ও নৌপথের হামলায়। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে ট্রাম্পের মূল লক্ষ্য পূরণ করা যায়নি।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় যেমন ইরাক ও আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ ক্ষমতাকে অবমূল্যায়ন করা হয়েছিল, তেমনি ট্রাম্পও ইরানের স্থিতিস্থাপকতা এবং আন্তর্জাতিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ অবরুদ্ধ করার ক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছেন। উপরন্তু, ইউরোপীয় ও এশীয় মিত্রদের সহায়তা ছাড়াই ওয়াশিংটন একলা চলো নীতিতে এ সংঘাত শুরু করেছে।
নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই যুদ্ধ ট্রাম্পের নিজস্ব ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলন ও রিপাবলিকান পার্টির ভেতরেই তীব্র অসন্তোষ তৈরি করেছে। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ আমেরিকানদের ওপর চাপ বাড়ছে, যা ট্রাম্পের জনপ্রিয়তা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। ফলে কোনো সুনির্দিষ্ট স্থান বা সময়সীমা ছাড়া এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি দীর্ঘ ভূরাজনৈতিক ফাঁদে পরিণত হয়েছে।—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে




















২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে হামের টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী