ইয়েমেনে সেনাবাহিনী-হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত
- আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 3
ইয়েমেনের দুই প্রদেশে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনি সেনাবাহিনী ও সৌদি বিমানবাহিনীর মধ্যকার সংঘাতে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এবং হুথি গোষ্ঠী— উভয়পক্ষের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের দুই দক্ষিণাঞ্চলীয় প্রদেশে হুথিদের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন সেনা নিহত হয়েছে। আর হুথি বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, সৌদি বিমান অভিযান এবং ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন ৪০ জন হুথি যোদ্ধা।
আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে তীব্র উত্তেজনা শুরু হয়েছে সৌদি আরবের। ইতোমধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা, যা সৌদির জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়ে এত দিন নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান পরিচালনা করছে সৌদি আরব। হুথি বিদ্রোহীদের তথ্য অনুযায়ী রোববারের আগ পর্যন্ত ১৩০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে সৌদি বিমানবাহিনী।
গত ১৬ সেপ্টেম্বর বুধাবর সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে একটি গোষ্ঠী। সেখানে দেখা গেছে, ভূপাতিত একটি সৌদি যুদ্ধবিমানের চারপাশে জড়ো হয়েছেন হুথি যোদ্ধারা এবং সবাই উচ্চকণ্ঠে একযোগে বলছেন, ‘আল্লাহু আকবার’।
হুথিদের দমন করতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলার কারণে এই মুহূর্তে সৌদিকে মার্কিন সামরিক সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না। সূত্র : এএফপি






















বাজারে আটা-ময়দার দাম বাড়তি, চড়া মুরগি-ডিম-মাছ