অভিষেকের তাণ্ডবে ধবলধোলাই আফগানিস্তান
- আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
শুরুতেই চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। এরপর ভারতের বোলারদের তোপের মুখে মুহুর্তেই ভেঙে পড়ল আফগানিস্তানের ব্যাটিং অর্ডার। ১২৭ রানের বড় জয় তুলে আফগানদের ধবলধোলাই করল ভারত।
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান করে ভারত। জবাবে ১৪.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত। টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি রানে জয়ের তালিকায় কানাডার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ১০টি জয় এখন ভারতের।
১২৭ রানের হার আফগানিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০১২ সালে কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে হেরেছিল তারা।
ভারতের বিপক্ষে ৯৪ রানে অলআউট হওয়াও আফগানিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ এশিয়া কাপে দুবাইয়ে ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ৮ উইকেটে ১১১ রান।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন অভিষেক। ইনিংসের পঞ্চম ওভারেই ছক্কা মেরে ১৬ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ২০ বলের নিচে ফিফটি পূর্ণ করলেন এই ব্যাটা্র। তার ১৬ বলের আজকের ফিফটি ভারতের ব্যাটারদের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে।
দ্রুত ফিফটি করার পর আরও আক্রমণাত্মক হন অভিষেক। পরের পঞ্চাশ তুলে নেন মাত্র ১৪ বলে। ১০ ছক্কায় তিন অংকে পৌঁছান মাত্র ৩০ বল খেলেই।
অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি টেস্ট খেলুড়ে দেশের কোনো ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। সবমিলিয়ে তৃতীয় দ্রুততম। অভিষেকের ১০৮ রানের ইনিংসটি সাজানো ৯টি চার ও ১১টি ছক্কায়।
আউট হওয়ার আগে সঞ্জু স্যামসনের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন অভিষেক। পাওয়ারপ্লেতেই দুজন মিলে তোলেন ১০০ রান। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে এটি ষষ্ঠ দ্রুততম শতরান। স্যামসন করেন ৩৫ বলে ৫০ রান।
অভিষেক ফেরার পর ভারতের রানের গতি কিছুটা কমে যায়। শ্রেয়াস আইয়ার ২০ বলে ২৯, শিবম দুবে ১০ বলে ১৪ এবং ইশান কিষান ৮ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ২২১ রান তোলে ভারত।
২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। অধিনায়ক ইব্রাহিম জাদরান ১৬ বলে ২৫ রান করলেও বাকিদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। আজমতউল্লাহ ওমরজাই করেন ১৩ বলে ১৭ রান। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।
ভারতের বোলারদের মধ্যে নীতিশ কুমার রেড্ডি ২৫ রানে ৩টি এবং রবি বিষ্ণোই ২৬ রানে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট।


























বাজারে আটা-ময়দার দাম বাড়তি, চড়া মুরগি-ডিম-মাছ